কুমিল্লার দেবিদ্বারে সালিশি বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৪৫) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে অপূর্ব টিকাদার নামে চার বছর বয়সের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বরগুনার আমতলীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে হেলেনা বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর
কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে সালিশি বৈঠকে বিএনপি কর্মী সিদ্দিকুর রহমান নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউপির সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার সাইচাপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুরের ঘটনায় গতকাল সকালে সমঝোতার জন্য সালিশি বৈঠক ডাকা হয়। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে সিদ্দিকুরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, ‘সাবেক এমপি আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমির মেম্বারের নেতৃত্বে হামলা চালিয়ে সিদ্দিককে হত্যা করে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আমির হোসেন মেম্বারকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম গিয়ে পরিস্থিতি শান্ত করে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অপূর্ব টিকাদার নামে চার বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের বালুচরের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সাফলিডাঙ্গা গ্রামের কৃষক তাপস টিকাদারের ছেলে অপূর্ব বাড়ির উঠানে খেলার ফাঁকে বাড়ির বাইরে চলে যায়। তাকে সন্ধ্যায় উঠানে দেখতে না পেয়ে খুঁজতে বের হয় সবাই। পরে পুলিশ ও গ্রামবাসী বাড়ির পাশের বালুচরের কাশবনে গলাকাটা অবস্থায় লাশটি দেখতে পায়।
আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে হেলেনা বেগম নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হেলেনা ঘটখালি গ্রামের খোরশেদ আলম শিকদারের স্ত্রী। প্রতিবেশী রেজাউল, শফিরুল, নাসির, মতলেবসহ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় স্থানীয়রা হেলেনাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী হেলেনা বেগমের ছেলে সুজন বলেন, ‘তারা আমাদের রাখা জমিতে চাষ করতে আসে। আমার মা চাষ করতে নিষেধ করায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।’
