‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করে খুনি হাসিনা দেশ শাসন করতে চেয়েছিল। কিন্তু হাসিনার শেষরক্ষা হয়নি। ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে মুক্ত করেছে। এখন রাষ্ট্রের সংস্কার করতে হবে। কারণ দেশে এখন হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে, সবকিছুই ঢেলে সাজাতে হবে।’
গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেরাজের বাড়িতে গিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মেরাজুল ইসলাম মেরাজের (২০) চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের আবদুস সালামের ছেলে কলেজছাত্র মেরাজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। গতকাল বিকেলে তিনি মেরাজের কবর জিয়ারত শেষে স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় মেরাজের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। বিএনপি নেতা দুলু পরিবারের কাছে অর্থ সহায়তা হিসেবে নগদ ১ লাখ টাকা তুলে দেন।
পরে ওই গ্রামে আদিতমারী উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে আসাদুল হাবিব দুলুসহ বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, আদিতমারী যুবদলের সদস্য সচিব হাসানুল বান্না প্রমুখ।
