হবিগঞ্জের মাধবপুরের হরষপুর রেলস্টেশনের ব্যবসায়ী ও বাসিন্দাদের ওপর হামলা এবং লুটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ২০-৩০টি দোকান লুট হয়। আহতের সংখ্যা শতাধিক। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন স্থানীয় শিয়ালুরি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ ও সুলতানপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়া।
স্থানীয় ধর্মনগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কতিপয় সন্ত্রাসী মাদ্রাসার অজুহাতে হরষপুর বাজারের অন্তত ৩০ থেকে ৪০ জন ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর ও লুট করেছে। অনেককে আহত করেছে।
পরে সেনাবাহিনীর টিম, বিজিবি ওপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা চেয়েছিলাম। রেলওয়ে স্টেশনের ব্যারিয়ার পড়ে থাকার কারণে আমাদের ঘুরে আসতে কিছুটা দেরি হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
