পূজা শেষে ফেরার পথে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম


গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় মনসা পূজা শেষে শহরের বাসায় ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ আগষ্ট) বিকেল চারটায় মহাসড়কের শান্তির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিটু কুমার ধর (৩০) ও তার বাবা শ্রীকান্ত ধর (৬৫) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক আলী আজগর (৩০)। লিটু ধর ও শ্রীকান্ত ধরের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকায়। সিএনজিচালক আলী আজগরের বাড়ি একই উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৩নং ওয়াডের লড়িহড়া এলাকা। 

পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, শনিবার বিকেল চারটার দিকে শান্তিরহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংর্ঘষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধলঘাট ইউনিয়নের ইউপি সদস্য আবু সাইয়্যেদ গণমাধ্যমকে জানান, মনসা পূজার পাঠা বলি শেষে মাংস নিয়ে বাবা-ছেলে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত