খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ না করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) বিকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পদত্যাগ করছেন- এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে উপাচার্যকে পদত্যাগ না করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে শিক্ষার্থীদের সামনে আসেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, আমাদের একটাই দাবি উপাচার্যের পদত্যাগ কোনো অবস্থাতেই আমরা মেনে নেব না। উপাচার্য স্যার বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেভাবে কাজ করছেন- সেভাবে কাজ চালিয়ে যাবেন। তাতে যদি কোনো বাধা আসে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো।
তিনি বলেন, উপাচার্য স্যারের পদত্যাগ বিষয়ে যদি অভ্যন্তরীণ বা বাইরের কোনো চাপ থাকে তা-ও শিক্ষার্থীরা প্রতিহত করবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। উপাচার্য যাতে পদত্যাগে বাধ্য না হন- এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেললের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থীদের উদ্দেশে এ সময় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুধু একা নন- এখানে একটি টিম কাজ করে। সে সঙ্গে থাকেন উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বডির সদস্য, শিক্ষকরা ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাই কাজ করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, আমার শিক্ষকতা জীবনের এটি একটি বড় পাওয়া। আমি আমার সহকর্মীদের সঙ্গে কথা বলে তোমাদের আমার সিদ্ধান্তের কথা জানাবো।
পরে উপাচার্য তার দপ্তরে ফিরে গিয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন।
হলের কক্ষের তালা ভাঙার চেষ্টা ছাত্রলীগকর্মীর, গাছে বেঁধে রাখল শিক্ষার্থীরা
প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি