ধানমন্ডির সড়কে পড়ে থাকা গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:১৬ এএম

রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের সড়কে ল্যান্ড ত্রুুজার একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গত রবিবার সকাল থেকে গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬) সেখানে পড়ে

থাকার পর মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই রাত থেকে এর মালিকানা নিয়ে নানা সন্দেহ হলেও গতকাল সোমবার জানা গেছে, বিলাসবহুল সেই গাড়ির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রবিবার মধ্যরাতে ‘ট্রাফিক অ্যালার্ট’ নামের একটি ফেসবুক গ্রুপে জুনায়েদ কামাল নামে এক ব্যক্তি পরিত্যক্ত গাড়িটি নিয়ে একটি পোস্টে লেখেন, ‘ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রবিবার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চেনেন?’

গাড়িটির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ৩১ জুলাই গাড়িটি কেনা হয়েছিল। তবে এর রেকর্ড হালনাগাদ করা হয় ২৮ জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয় ওই বছরের ৩ আগস্ট। যার মেয়াদ শেষ হয়েছে চলতি বছর ৩০ জুলাই। ট্রাস্টি সার্টিফিকেট নেওয়ার তারিখ ২০২৩ সালের ৩ আগস্ট। সেটিরও মেয়াদ ৩ আগস্ট শেষ হয়েছে। ২০২২ সালে ম্যানুফ্যাকচার করার সময় গাড়িটির খালি ওজন ২ হাজার ২০০ কেজি আর মালামাল ৩ হাজার ২২০ কেজি পর্যন্ত তোলা সম্ভব। গাড়িটির ফিটনেস ইস্যু করা হয় ২০২২ সালের ৩১ জুলাই। যার মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। গাড়িটির মালিকানাধীনের জায়গায় ‘প্রাইভেট’ উল্লেখ করা হয়েছে। মালিকের নাম লেখা আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খান। গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় মিরপুর বিআরটিএতে। এ ছাড়া গাড়ি কেনার জন্য করের টিন নম্বর উল্লেখ করা হয়েছে। মালিকের মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। সেই মোবাইল নম্বরের সূত্র ধরে দেখা যায়, এটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের।

গাড়িটি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর, সে বিষয়ে আরও কিছু ছবি প্রমাণ দিচ্ছে। একটি ছবিতে দেখা যায়, গাড়িটি কেনার সময় ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজন ছবি তুলছেন। ছবিতে তিনি ছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) এইচএম আজিমুল হকসহ আরও কয়েকজনকে দেখা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত