শিক্ষার্থীদের চাপের মুখে নোবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি। তবে পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তিনি।

পদত্যাগ পত্রে বলা হয়, মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) নং স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং স্মারকের মাধ্যমে ভাইস-চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পদ হতে পদত্যাগ করছি। উল্লেখ্য, গত ৩০ জুন ২০২০ তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এর অধ্যাপকের চাকরি থেকে অবসর গ্রহণ করি। অতএব, উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

এর আগে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে নোবিপ্রবি বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন। দাবির মুখে কোষাধ্যক্ষ অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করলেও উপাচার্য, উপ-উপাচার্য পদত্যাগ করতে অস্বীকার জানায়। পরবর্তী শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি পালন করেন।

উপাচার্যের পদত্যাগের বিষয়ে নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাণী ইয়ামিন বলেন,’ ‘প্রো-ভিসির পদত্যাগ এবং রেজিস্ট্রার জসিম উদ্দিনকে চাকুরিচ্যুত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত