কুমিল্লায় সাবেক এমপি বাহার ও মেয়র সূচনার বিরুদ্ধে আরও এক মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:৩১ পিএম

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাক্তার তাহ্সীন বাহার সূচনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২২৫ জনের নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি আরও একটি মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে মামলাটি করেন নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া।

মামলার আসামিরা হলেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম, সিটি কাউন্সিলর হাবিবুল আল আমিন, সরকার মাহমুদ জাবেদ, আব্দুস সাত্তার, সৈয়দ রায়হান আহাম্মদ, আবুল হাসান, কাউছারা বেগম, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাজু, আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ মোট ৩৭৫ জন।

মামলায় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র-জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিলেন। এ সময় মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে তাহ্‌সীন বাহারের নির্দেশে অস্ত্র নিয়ে মামলার অন্য আসামিরা হামলা ও গুলি চালান। এ সময় গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয়। তাই তিনি এ মামলা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, সোমবার রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে, সরকার পতনের পর তাঁদের অনেকেই এখন এলাকায় নেই। তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য- গত রবিবার রাতে এ সংসদ সদস্য বাহার ও তার মেয়ে তাহ্‌সীন বাহার সূচনাসহ আ.লীগের ৪০০নেতা-কর্মীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাছুম মিয়া নামের এক হোটেল কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়। এ নিয়ে কুমিল্লায় বাহার ও তার মেয়েসহ আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত