মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। ফলে আগামী রবিবার থেকে মেট্রোরেল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
কর্র্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক মেট্রোরেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জানান। গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্র্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
সম্প্রতি জানা যায়, লাইন, কোচ এবং সংকেতব্যবস্থা-মেট্রোরেলের সবই ঠিক আছে। এরপরও মেট্রোরেল চালু না হওয়ার কারণ ছিল নিচের দিকের কর্মীদের কর্মবিরতি। বড় কর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন এমন অভিযোগ এনে কর্মবিরতিতে যান মেট্রোরেলের কর্মচারীরা। এজন্যই কারিগরি কোনো সমস্যা না থাকার পরও মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
এর আগে গত রবিবার সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু হওয়ার আশ্বাস দেন। ওইদিন সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেছিলেন।
