এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের পর কীভাবে মূল্যায়ন হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এ সর্ম্পকে আমার কোনো ধারণা নেই, কালকের অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে তারপরে চিন্তা করার সুযোগ পাইনি। এটার তো এক্সপার্ট আছে আমি আগে থেকেই কিছু বলব না, শিক্ষা বোর্ডগুলো আসল সিদ্ধান্ত নেওয়ার কথা। আমি একা এই সিদ্ধান্ত নিতে পারব না। অর্ধেক পরীক্ষা হয়ে গেছে এগুলো সব মিলে কী করবেন, সেটা এখনো আমি জানি না। আমার সরাসরি সে সিদ্ধান্ত নেওয়ার কথাও না, এটা এক্সপার্ট দেখবেন।
গত ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে গতকাল এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হয়।
আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে রাজি সরকার
ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ৮ জনের প্রাণহানি