কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শহিদুল ইসলাম বাবুলের আগমনকে কেন্দ্র করে ও তাকে প্রতিরোধ করতে গতকাল বুধবার সকালে নগরকান্দা উপজেলার জুঙ্গুরর্দীসহ আশপাশের এলাকায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকেরা অবস্থান নেন। একই স্থানে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকরা উপস্থিত হলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে রিংকুর সমর্থকদের হামলায় কবির ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হন। কবীর শহিদুল ইসলাম বাবুলের সমর্থক বলে দাবি করেছেন তিনি। নিহত কবীর ভূঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বাসার ভূঁইয়ার ছেলে। পরে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলা ১টার দিকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নিজ এলাকা নগরকান্দায় আসার পথে উপজেলার ভবুকদিয়ায় এসে পৌঁছালে রিংকুর সমর্থকেরা তার গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং বাবুলের বেশ কয়েক জন সমর্থককে পিটিয়ে আহত করে তারা। ওখান থেকে বেরিয়ে বেলা দেড়টার দিকে নগরকান্দা উপজেলার তালমার মোড়ে এসে পথসভায় অংশ নেন শহিদুল ইসলাম বাবুল। উপজেলার সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান ভুলুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট হাবিবুল রহমান হাফিজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি অদনান হোসেন অনু প্রমুখ। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
