বালিশ, কুশন কতদিন পরপর পরিষ্কার করবেন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১৭ এএম

ঘরের বালিশ ও কুশন প্রতিদিনই ব্যবহার করতে হয়। প্রতিদিন ব্যবহারের ফলে শরীরের ঘাম, ধুলাময়লা জমে। বালিশে সাত থেকে আট ঘণ্টা মাথা রেখে ঘুমানো, হাঁচি-কাশি, মুখের লালা-থুতুও লাগছে বালিশে। আবার মাথার চুলের ময়লা বা ঘামও লাগছে বালিশে। কুশনেও তাই। হাত পরিষ্কার করে যে কুশন ধরেন, তা নয়। বাইরে থেকে এসেই সোফায় গা এলিয়ে বসে পড়েন। কাজেই কুশনেও ধুলাময়লা জমছে প্রতিনিয়ত। ঠিকভাবে পরিষ্কার না রাখলে জীবাণু বাসা বাঁধবে শরীরে। অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। কীভাবে বালিশ, কুশনের যতœ নেবেন জেনে নিন।

পরিষ্কারের উপায়

সপ্তাহে এক দিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বালিশগুলো পরিষ্কার করুন। ধুলাময়লা উঠে যাবে। গরমের দিনে ঘামে ভিজে যায় বালিশ। সেভাবে রেখে দিলে জীবাণু বাসা বাঁধবে। কাজেই ড্রায়ারে কম তাপমাত্রায় শুকনো করে নিন। বালিশ বা কুশনে চেন দেওয়া কভার লাগান। যদি সম্ভব হয়, দুটি করে কভার লাগিয়ে দিন। রাতে শোবার সময়ে ওপরের কভারটি সরিয়ে দেবেন। যদি এই পদ্ধতি মেনে না চলতে পারেন, তা হলে সপ্তাহে একদিন অন্তত বালিশ বা কুশনের কভার কেচে নিতেই হবে। শিশুর মাথার বালিশ হলে তার কভার ডেটল বা জীবাণুনাশক সাবানে ধুয়ে নিতে হবে।

তুলার বালিশ হলে নিয়মিত রোদে দেওয়ার চেষ্টা করুন। শিশুর বালিশ পারলে প্রতিদিনই কিছু সময়ের জন্য রোদে দিন। একই বালিশ বছরের পর বছর ব্যবহার করা যাবে না। সাধারণত একটি বালিশ ৬ মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়। নতুন তুলার বালিশ তৈরি করিয়ে নিন অথবা পুরনো বালিশের তুলা বের করে নতুন করে তুলা ভরিয়ে নিন।

ফাইবারের বালিশ ওয়াশিং মেশিনেই কাচা যাবে। অল্প পরিমাণ তরল ডিটারজেন্ট দিয়ে বালিশ দিতে হবে। একবারে দুটির বেশি বালিশ দেবেন না। অল্প গরম পানি দিয়ে মেশিন চালিয়ে দিন। ওয়াশিং মেশিনেই শুকিয়ে রোদে রেখে দিন।

বালিশ কখনো প্লাস্টিকে মুড়ে রাখবে না। সবসময়ে সুতির নরম কাপড়ে মুড়িয়ে রাখবেন। এতে বালিশ দীর্ঘ সময় ভালো থাকবে।

বালিশের তুলা যখন শক্ত হয়ে যাবে, বুঝবেন বদলানোর সময় হয়েছে। বালিশ দুপাশ থেকে ভাঁজ করে আবার ছেড়ে দিন। যদি আগের অবস্থায় ফিরে আসে বুঝবেন তা ভালো আছে। যদি তা না হয়, তাহলে বুঝবেন ভেতরের তুলা খারাপ হয়ে গিয়েছে। সেই বালিশ আর ব্যবহার না করাই ভালো।

বালিশের মতো কুশনের তুলাও মাঝে মাঝে বদলাতে হবে। কুশন কভারে যদি পুঁতি বা কাচ দিয়ে করা নকশা থাকে তবে ড্রাইওয়াশ করতে হবে। কুশন কভারের ধরন অনুযায়ী যতœ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত