ছাত্র-গণঅভ্যুত্থানের সময় গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাতটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি, ফতুল্লা থানায় একটি, আড়াইহাজার থানায় দুটি ও গাজীপুরের গাছা থানায় একটি মামলা করা হয়েছে। নরসিংদী সদর ও ঢাকার সাভারের আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে আদালতের মাধ্যমে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব মামলা হয়েছে।
এসব মামলায় সাবেক সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আবদুল্লাহ আল কায়সার হাসনাতকেও আসামি করা হয়েছে।
নতুন সাতটি মামলাসহ শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৩৯টি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বুধবার পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাতটি অভিযোগ জমা পড়েছে।
আমাদের সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু হুসাইনের বাবা মানিক মিয়া। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন নিহত হৃদয়ের (২৭) মা রিতা। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গত ১৯ জুলাই ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ফয়সাল নিহত হওয়ার ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেছেন তার বাবা সোহরাব মিয়া।
নরসিংদী প্রতিনিধি জানান, আজিজুল মিয়া নামের এক ডাব বিক্রেতাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। মামলায় সাবেক এমপি নজরুল ইসলাম হিরুসহ (বীরপ্রতীক) স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৮১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ১৮ জুলাইয়ের ঘটনায় গতকাল নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট নাহিদ নিয়াজীর আদালতে মামলাটি করেন নিহতের বাবা আলমাছ মিয়া। আদালতের বিচারক সদর মডেল থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করতে বলেছেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা মো. বাবুল মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। গত ৪ আগস্টের এ ঘটনায় গতকাল বিকেলে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাদী হয়ে মামলাটি করেন।
পরদিন শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার রাতে থানায় করা মামলায় শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে। শফিকের স্ত্রী তছলিমা আক্তার বাদী হয়ে মামলাটি করেছেন।
সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, গত ৪ আগস্ট আশুলিয়া এলাকায় গুলি করে হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতে মামলাটির আবেদন করেন অ্যাভভোকেট হান্নান ভূঁইয়া। আদালত আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গত ২০ জুলাই গাজীপুরে মো. আরিফ ব্যাপারী নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় বুধবার গাছা থানায় মামলা হয়েছে। পূর্ব কলমেশ্বর এলাকার সাইফুলের বাড়ির ভাড়াটিয়া মো. রজ্জব আলী বাদী হয়ে করা মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকেও আসামি করা হয়েছে।
একই দিন কাশিমপুর থানায় হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি করা হয় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। মামলাটি করেন মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকার আমিনুলের বাড়ির ভাড়াটিয়া মো. সোহেল রানা। ৪ আগস্ট গুলিতে তিনি আহত হয়েছেন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, সান্তাহার পৌরশহরে যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকা-ে বগুড়া-৩ সাবেক এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনসহ ৭৭ জন নেতাকর্মীর নামে নাশকতার মামলা করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ ২৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। পলাশবাড়ী আমলি আদালতে হরিনাথপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসাইন জাহাঙ্গীর গতকাল মামলাটি করেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফরিদপুরে হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলাটি করেন নিহত বাসচালক সামচু মোল্যার স্ত্রী মেঘলা বেগম।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, আন্দোলনের সময় গত ৫ আগস্ট শিশু হাসান মিয়া (১২) নিহতের ঘটনায় সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও আবদুল মজিদ খানসহ ১৬০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। হাসানের বাবা ছানু মিয়া গতকাল বানিয়াচং থানায় মামলাটি করেছেন।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মির্জাপুরে গোড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন (১৮) নিহত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের সাবেক দুই মন্ত্রী ও সাত এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে আছেন ড. আবদুর রাজ্জাক ও আহসানুল ইসলাম টিটু। গত ৪ আগস্ট বিকেলে গোড়াই হাইওয়ে থানায় হামলার ঘটনায় ইমন গুলিবিদ্ধ হন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, সিলেটে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সিটি মেয়র, পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়েছে। ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, মিছিলে গুলি, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগে গতকাল আদালতে এই মামলাগুলো হয়েছে। এসব মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ কয়েকজন সাবেক এমপি ও সিটি মেয়র।
