নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ নিহত ৫, আহত ৩০

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:২৪ এএম

নরসিংদীর রায়পুরায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের সময় টেঁটা ও গুলিতে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫), সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জুনায়েদ (১৬), বাঘাইকান্দি গ্রামের ফিরোজা বেগম (৩৫) ও আনিস মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুই মেম্বার সায়দাবাদ গ্রামের বাসিন্দা ফিরোজ ও শাহ আলমের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সম্প্রতি একটি জমি-সংক্রান্ত বিষয়ের জের ধরে বুধবার রাতে এই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাতভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হয়। আহত হয় ৩০ জন। তাদের কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর জানান, চারজনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং জানতে পেরেছি নরসিংদী সদর হাসপাতালে একজনের মরদেহ আছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আরএমও ডা. মাহমুদুল কবির বাসার জানান, সংঘর্ষের ঘটনায় আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আনিস নামের একজন মারা গেছেন। গুরুতর আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখনো কেউ আটক নেই। পুলিশি অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত