সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ সদস্য মো. রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রাব্বি আক্তার। এ মামলায় সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (মালিবাগ, ঢাকা) কর্মরত ছিলেন। তিনি আশুলিয়ার জিরানীবাজার এলাকায় বসবাস করতেন।
রাব্বি আক্তারের স্ত্রীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত রফিকুল ইসলাম গত ৫ আগস্ট বিকেল থেকে ৬ আগস্ট সকালের যেকোনো এক সময় ওই ফুটওভার ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা উত্তেজিত জনতা রফিকুলের মোবাইল ফোন, মানিব্যাগ চেক করে পুলিশের পরিচয়পত্র পেয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখে। আশুলিয়ার জিরানি এলাকার বাড়িতে ফেরার সময় আশুলিয়ার বাইপাইলে তাকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।
পরে ৬ আগস্ট পরিবারের সদস্যরা জানতে পারেন আশুলিয়া থানা এলাকায় ফুটওভার ব্রিজের সঙ্গে দুজন পুলিশ সদস্যকে হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে একজন দেখতে রফিকুল ইসলামের মতো। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রফিকুলের মরদেহ শনাক্ত করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফ এম সায়েদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
