রিজওয়ানা হাসান বললেন

পানি ছাড়ার আগে বার্তা দিতে বলা হবে ভারতকে

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৬:৫৭ এএম

অভিন্ন নদীর পানি ছেড়ে দেওয়ার আগে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে জানানোর জন্য এখন থেকে বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভারতকে অভিন্ন নদীর পানি ছেড়ে দেওয়ার আগে আগাম বার্তা দেওয়ার কথা থাকলেও এবার তা প্রতিপালিত হয়নি।

গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার রাঙেরগাঁওয়ে খোয়াই নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় ভারতের হাইকমিশনারের বৈঠকেও এ বিষয়ে আলাপ হয়েছে। ভবিষ্যতে যাতে মনুষ্য-সৃষ্ট কোনো দুর্যোগ না হয়, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানানো হবে।’

ড্রেজিং না করায় আন্তঃদেশীয় নদীগুলোর নাব্যতা হারাচ্ছে এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের নদী ড্রেজিংয়ের ব্যাপারটা উজান থেকে ভিন্ন হবে। নদী ড্রেজিং হবে, না পলি ব্যবস্থাপনার অন্যান্য মাধ্যমে যাবে, তা একটি বড় সিদ্ধান্তের ব্যাপার। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা আছে। কিন্তু বিগত দিনে এ বিষয়ে কোনো জোর দেওয়া হয়নি।

তিনি বলেন, হবিগঞ্জ শহরকে বাঁচাতে হলে খোয়াই নদীকে রক্ষা করা ছাড়া উপায় নেই। এই নদী রক্ষায় অল্প টাকার প্রকল্প গ্রহণ করা হবে। ভবিষ্যতে বেশি টাকার প্রয়োজন হলে তাও করা হবে। এ ছাড়া পুরনো খোয়াই নদীকে দখলমুক্ত করা খুবই জরুরি। নদীপথ অবৈধ দখলদারদের বিরুদ্ধে বৈষম্যহীন, ধারাবাহিক ও পরিকল্পিত অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

এর আগে উপদেষ্টা হবিগঞ্জ সার্কিট হাউজে বন্যায় পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। এ সময় সমন্বয়কারীরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি আবদুল বাসেতের নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতি তুলে ধরে তার অপসারণ দাবি করেন। ছাত্রদের প্রতিনিধিদের দাবি শুনে রিজওয়ানা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কারী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন। তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা পদ্ধতি ঠিক করবেন। তাদের কাছ থেকে পদ্ধতি পেয়ে আমরা নির্ধারণ করব কোথায় কোথায় প্রশাসনকে সম্পৃক্ত করা যায়।’

অনুষ্ঠানে বাপা সভাপতি ইকরামুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের নেতৃত্বে হবিগঞ্জের একটি প্রতিনিধিদল তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। তারা হবিগঞ্জের শিল্পদূষণ, পুকুর ভরাট ও নদ-নদী রক্ষার বিষয়ে একটি সুপারিশপত্র প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত