বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৫ পিএম

বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণশাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল শনিবার বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্নস্থানে বানভাসি মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেছে।

এ ছাড়া নৌ পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। পুলিশ ইতোমধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেছে। এ ছাড়া নৌ পুলিশ স্পিডবোট, কান্ট্রিবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত