৫ মাসও টিকলেন না কচি, বিজিএমইএ'র নতুন সভাপতি রফিকুল

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব পেলেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। ২০২৪–২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি শনিবার পদত্যাগ করেছেন। এরপর বিজিএমইএ বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে রফিকুলকে সভাপতি নির্বাচিত করা হয়।

আজ শনিবার বিজিএমইএর মহাসচিব ফয়জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে নির্বাচিত হওয়ার পর ৬ এপ্রিল বিজিএমইএর দায়িত্ব প্রহণ করে কচি। দায়িত্ব গ্রহণের পাঁচ মাসও টিকতে পারলেন না শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত এই ব্যবসায়ী নেতা। যদিও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কচি দীর্ঘমেয়াদী চিকিৎসার কারণে সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এস এম মান্নানের (কচি) পদত্যাগপত্র গ্রহণ করে খন্দকার রফিকুল ইসলামকে বিজিএমইএ'র সভাপতি করা হয়। তিনি ২০২৪-২০২৬ মেয়াদে বিজিএমইএ বোর্ডে সিনিয়র সহসভাপতি পদে ছিলেন।

এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সহসভাপতি থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব এবং পরিচালক থেকে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ আশরাফ। এ ছাড়া খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের অন্যান্য সহসভাপতিগণ হলেন সৈয়দ নজরুল ইসলাম, আরশাদ জামাল (দীপু), মো. নাসির উদ্দিন, মিরান আলী, আসিফ আশরাফ, রকিবুল আলম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত