আর্ত-পীড়িতের সেবা করা ইবাদত

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২:৩৮ এএম

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। এটা অন্যতম ইবাদতও বটে। বিপদগ্রস্ত মানুষের সেবা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। ভারী বর্ষণ এবং ভারতের পানিতে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের বেশ কয়েকটি জেলা এখন বন্যায় প্লাবিত। পানিবন্দি হাজার হাজার পরিবার ভোগান্তির জীবনযাপন করছে। দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। চোখে না দেখলে এমন দুর্বিষহ অবস্থা বলে বোঝানো সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আমাদের কর্তব্য হলো, সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সাহায্যে এগিয়ে আসা। বন্যার্তদের পাশে দাঁড়ানো এ সময়ের অন্যতম দাবিও। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তা আমাদের কর্তব্য।

মহান আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন এক দেহের মতো করে। ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহ আক্রান্ত হওয়া। হজরত রাসুল (সা.) বলেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো, যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।’ (সহিহ মুসলিম ৬৪৮০)

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুল (সা.) বলেছেন, ‘দয়াশীলদের ওপর মহান আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর ওপর দয়া করো, আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের ওপর দয়া করবেন।’ (সুনানে আবু দাউদ ৪৮৫৭)

অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সওয়াবের কাজই নয়, বরং অন্যতম ইবাদত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা আল্লাহর সন্তুষ্টি তথা তার আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে।’ (সুরা দাহর ৮) অন্যত্র আরও ইরশাদ হয়েছে, ‘তাদের (বিত্তশালীদের) ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’ (সুরা জারিয়াত ১৯)

অসহায় মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? তাহলে তিনি সেই ঋণকে তার জন্য বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেবেন এবং আল্লাহই (মানুষের আর্থিক অবস্থাকে) সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তার দিকেই তোমরা ফিরে যাবে।’ (সুরা বাকারা ২৪৫)

উপরোক্ত আয়াতে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো তার পথে খরচ করা। গরিব, অসহায় ও বিপদগ্রস্তদের সাহায্য করা। একে ঋণ বলা হয়েছে রূপকার্থে। কেননা এর বিনিময় দেওয়া হবে উত্তমরূপে। অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদের বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’ (সুরা হাদিদ ১৮) তাই আসুন, আমরা সবাই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসি। এতে মহান আল্লাহ আমাদের সম্মানজনক প্রতিদান দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত