পাঠানো হলো কারাগারে

আদালতে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম-জুতা

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৬:২১ এএম

অবৈধপথে ভারতে পালানোর সময় সীমান্তে আটক হওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। এরপর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। সাবেক এই বিচারপতিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলার সময় অনেকে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়ে মারেন। এ সময় কয়েকজন তার ওপর হামলার চেষ্টাও চালান। তখন কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

এর আগে গত শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে গতকাল ভোরে ডনা সীমান্ত ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন।

যেভাবে আটক হন মানিক : ডনা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে একজন ব্যক্তি ভারতে পালিয়ে যাচ্ছেন এমন তথ্য জেনে স্থানীয় লোকজন তার পালানো ঠেকাতে উদ্যোগী হন। তারা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পেও অবহিত করেন। এরপর শুক্রবার রাত ১১টার দিকে সীমান্তের একটি জঙ্গল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় শনাক্ত হয়। আটক ব্যক্তি জানান, তার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি ছিলেন। এরপর ওই দিন রাতে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে বিজিবির সদস্যরা থানায় হস্তান্তরের পর কড়া নিরাপত্তায় তাকে সিলেট আদালতে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিক দু-তিন দিন আগে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় আসেন। টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তিনি ভারতে যেতে চাচ্ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিতে তিনি রওনা হন। দালালরা ওই দিন সীমান্তের একটি জঙ্গলে তাকে রেখে আসে। শুক্রবার তাকে ভারতে পাঠানোর কথা ছিল।

ডনা সীমান্ত এলাকার বাসিন্দা বিলাল আহমদ বলেন, একজন লোককে অবৈধভাবে ভারতে পাঠানো হচ্ছে এমন তথ্য পেয়ে এলাকাবাসী সতর্ক হয়ে ওঠে। একপর্যায়ে তারা জানতে পারেন সীমান্তের একটি জঙ্গলে ওই ব্যক্তিকে রেখে এসেছে দালালরা। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে সীমান্তে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। বিষয়টি বিজিবিকেও জানানো হয়।

বিজিবির সদস্যরা জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গিয়ে দেখেন, এক ব্যক্তি কলাপাতার ওপর শুয়ে আছেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে লোকজন জানতে পারেন, তিনি অবৈধভাবে ভারতে যেতে চাইছেন। দালালরা তাকে মারধর করে সঙ্গে থাকা প্রচুর টাকা নিয়ে পালিয়েছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে গিয়ে তাকে আটক করেন এবং তিনি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক হিসেবে শনাক্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত