বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্টসমূহ গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাসমূহে প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক ৯ হাজার ৫০০ বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী সশস্ত্র বাহিনী কর্তৃক বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যাকবলিত জেলাসমূহে চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক মেডিকেল টিম মোতায়েন রয়েছে। বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি গত শুক্রবার ফেনীর ফুলগাজী থানা থেকে অন্তঃসত্ত্বা মোছাম্মৎ সুমি বেগমকে মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে পাঠানো হলে তিনি পুত্র সন্তান প্রসব করেন। আইএসপিআর
