বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান তার ১০ রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ আদেশ দেন।
গতকাল শনিবার (২৪ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন (২৫) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি বর্ষণ করে। আমার ভাই সুজন পেশায় একজন ট্রাকচালক। ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় তাকে গুলি করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
