‘মানুষ মানুষের জন্য’, ‘বিপদেই বন্ধুর পরিচয়’ আমাদের সমাজে এ জাতীয় প্রবাদ প্রচলিত আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। নানা ধরনের দুঃসংবাদ শোনা যায়। কখনো বন্যায় প্লাবিত হয় শত শত মাইলের ভূমি ও জনপদ। আমাদের মনে রাখতে হবে, দুর্যোগে আক্রান্ত এসব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত। এতে খুশি হন মহান আল্লাহ।
বন্যার্ত অসহায় মানুষের পানিবন্দি হাহাকার এ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। গত সপ্তাহেও এসব এলাকার ভাই-বোনেরা ছিলেন নিরাপদ আশ্রয়ে। কিন্তু আজ তাদের এমন জীবন-মরণের সন্ধিক্ষণে লড়তে হবে, এমনটা হয়তো তারা কল্পনাও করেনি।
এ মুহূর্তে দেশ-বিদেশে যে যেখানে আছি আমরা, সবার দায়িত্ব ও কর্তব্য হলো বন্যার্তদের সেবায় এগিয়ে আসা। সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। হতে পারে একটি সঠিক ও সুচিন্তিত পরামর্শও এ সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বন্যার্তদের সহায়তা করতে। যা সুপথ দেখাবে বিপর্যস্ত পরিবারের পুনর্বাসনে।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এ সময় নিঃসন্দেহে একটি মহৎ কল্যাণকর কাজ। যার ফলে বাঁচতে পারে বহু প্রাণ। হতাশ জীবনে ফিরতে পারে আশার আলো। বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত গণমানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করা এবং সহায়তার হাত বাড়ানো অত্যন্ত কল্যাণকর ও প্রশংসনীয় কাজ। হতে পারে এ আমলের বিনিময়েই আমরা পাব মহাপুরস্কার জান্নাত।
সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ কেয়ামতের দিন বলবেন, ‘হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম। তুমি আমাকে দেখতে আসনি।’ সে বলবে, ‘হে প্রভু! কীভাবে আমি আপনাকে দেখতে যাব? আপনি তো সারা জগতের পালনকর্তা।’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ ছিল? তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে, তুমি যদি তাকে দেখতে যেতে, তাহলে অবশ্যই তুমি আমাকে তার কাছে পেতে?’ আল্লাহ বলবেন, ‘হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি।’ সে বলবে, ‘হে প্রভু! আমি আপনাকে কীভাবে খাবার দেব? আপনি তো সারা জগতের পালনকর্তা।’ আল্লাহ বলবেন, ‘তোমার কি জানা ছিল না যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাবার দাওনি। তোমার কি জানা ছিল না যে, যদি তাকে খাবার দিতে, তাহলে অবশ্যই তা আমার কাছে পেতে?’
আল্লাহ বলবেন, ‘হে আদম সন্তান! তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পান করাওনি।’ বান্দা বলবে, ‘হে প্রভু! আপনাকে কীভাবে পানি পান করাব? আপনি তো সমগ্র জগতের প্রভু।’ তিনি বলবেন, ‘আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না যে, যদি তাকে পান করাতে, তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে।’ (সহিহ মুসলিম)
এখনই উপযুক্ত সময় এ হাদিসের ওপর আমল করার। তাই সবার উচিত হলো, যার যার অবস্থান থেকে সাধ্যমতো বন্যার্তদের সেবায় এগিয়ে আসা। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা। এজন্য জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। টাকান্ডপয়সা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রয়োজনীয় ওষুধপত্রসহ যা যা দরকার, এ মুহূর্তে সেসব ব্যবস্থা করা আমাদের ইমানি দায়িত্ব ও কর্তব্য। মহান আল্লাহ আমাদের বন্যাকবলিত অসহায় মানুষের জন্য অর্থ-সম্পদ ও বুদ্ধি-পরামর্শ ইত্যাদির মাধ্যমে সহযোগী হওয়ার তাওফিক দান করুন।
