আনসারদের হামলায় ৬ সেনা সদস্য আহত, একজন গুরুতর 

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম

রাজধানীর সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় ৬ সেনা সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বাংলাদেশ সচিবালয় এলাকার নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী। সকাল থেকে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে সরকারের ৭ জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করতে বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি মেনে নেওয়ার পরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তাঁরা সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠি দ্বারা আঘাত করে। এতে ৬ জন সেনাসদস্য আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং আশ্রয়প্রার্থী কিছু সংখ্যক আনসার সদস্যের নিয়ন্ত্রণ নিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত