বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপন আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আজ সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় আরও দুই আইনজীবী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
শিশির মনির বলেন, অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গণতান্ত্রিক এ দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
