ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রতিদিনই রাজনীতিক, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধিরা বানভাসী মানুষকে সহায়তার জন্য ছুটে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। নগদ অর্থ, খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। এবার চিকিৎসক সমাজও এগিয়ে এসেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে।
সোমবার (২৬ আগস্ট) বিকালে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে আখাউড়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন। উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর প্রাইমারি স্কুল মাঠে তিন শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল হক শাকিল, সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম, জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হিমেল খান, ডা. আক্তার হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দুল, সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদল সদস্য সচিব মহসীন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আখাউড়ায় বন্যা কবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী নিয়ে এসেছি। বন্যা পরবর্তীতে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগ বালাই থেকে সুরক্ষার জন্য ড্যাবের মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবে।
এসময় জেলা সিভিল সার্জন ডা. বেলায়েত হোসেন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান খান, ডা. লুৎফুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা ড্যাবের অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, বন্যায় উপজেলার প্রায় ৪০টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়ে। ৫ দিন পর বন্যার পানি নেমে গেলে পরিস্থতির উন্নতি হয়। এখনও মানুষ ঘর-বাড়ি গোছাতে ব্যস্ত সময় পার করছে।
