চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আব্দুল লতিফ মৌলভী বাড়ির ওমান প্রবাসী সলিমুল্লাহ খান প্রকাশ খান সাহেবের ছেলে। রায়হান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে মাছ ধরতে যায় রায়হানসহ গ্রামের ৩০-৩৫ জন যুবক। খালে জাল ফেলার একপর্যায়ে প্রবল পানির স্রোতে তলিয়ে যান রায়হান। এ সময় অন্যরা অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজের অন্তত আধা ঘণ্টা পর সাগরে জেলেদের জালে রায়হানের দেহ আটকা পড়ে। সেখান থেকে দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা মো. আলাউদ্দিন বলেন, রায়হানের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। সে মেধাবী শিক্ষার্থী ছিল। তার আরেকজন ছোট ভাই আছে। কিন্তু সে বুদ্ধি প্রতিবন্ধী। রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার, এক গুলিতেই সব শেষ 