নির্যাতিতার জন্য গান

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:৪৯ এএম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ‘তুম হি হো’ বা ‘হামারি অধুরি কাহানি’ গানের মাধ্যমে ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছেন। এরপর বলিউড থেকে টালিউডে গান গেয়ে প্রশংসিত হন শ্রোতামহলে।

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের সাত দিনের মধ্যে আরজি কর কাণ্ডের বিচার না পেলে রাস্তায় নামবেন তিনি। গত ১৭ আগস্ট নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছিলেন।

সোমবার রাতে লাইভে এসেছিলেন তিনি। যেখানে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। শুধু তাই নয়, অভয়াকে নিয়ে তার লেখা গানও গেয়ে ভক্ত-অনুরাগীদের শুনিয়েছেন। লাইভ ভিডিওতে অরিজিৎ জানান, অনেকদিন ধরেই গলায় সমস্যা তার। তাই সেভাবে গান গাওয়া হয়নি। তবে গানের সঙ্গে জড়িত টুকটাক কাজ করছিলেন, বাড়ির নানা দায়িত্বও তো আছে।

তবে এসবের মধ্যেই মাথা থেকে বের করতে পারছিলেন না ৩১ বছরের তরুণী ডাক্তারের মৃত্যু। এর আগেও বহু ঘটনা তাকে ভেতর দিয়ে নাড়িয়ে দিয়েছে, তবে এ রকমটা আগে কখনো হয়নি, সেটাও স্পষ্ট করেন লাইভে এসে। উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত