কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি পাওয়ার আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ফলে দুই ইউনিটের কেন্দ্রটি থেকে এখন পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১৩ আগস্ট কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল শুধুমাত্র প্রথম ইউনিট থেকে। প্রায় ১৫ দিনের মাথায় সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে ফিরে।
এরপর গতকাল মঙ্গলবার সকাল ৮টায় প্রথম ইউনিট থেকে ৫১৩ দশমিক ৩২ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৮ দশমিক ৫৭ মেগাওয়াট এবং দুপুর ১টা নাগাদ প্রথম ইউনিট থেকে ৫৯৩ দশমিক ৩৫ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৭৬৩ দশমিক ৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।
আদানির এক বিবৃতিতে বলা হয়, এতদিন আদানির এক ইউনিট বন্ধ থাকলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি)-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল কোম্পানিটি।
আদানি অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছে, ‘আদানির মতো যেকোনো দেশীয় ও আন্তর্জাতিক যেকোনো কোম্পানির পাওয়ার প্ল্যান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে।’
