বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুতর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির জন্য স্বতন্ত্র ব্যবস্থা থাকা দরকার বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ। আর এজন্য স্বাধীন ও স্বতন্ত্র ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে রেজল্যুশন চাওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি। পরিষদের আসন্ন অধিবেশনেই এই রেজল্যুশন চাইতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের অন্য কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিটি গত সোমবার প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশন আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সমন্বিত ব্যবস্থার অনুমোদন দিতে বলা হয়। পরিষদকে নিয়মিত পরিস্থিতি সম্পর্কে অবহিত করতেও বলা হয়েছে।
চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের প্রশাসনে গুম, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত ব্যবস্থা গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের ওএইচসিএইচআর এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা উচিত।
