শিশুসহ তিনজনকে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ ২৭০ জনের নামে মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।
আদালত বাদীর আবেদন গ্রহণ করে মামলা হিসেবে নিতে রাঙ্গুনিয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো. আশরাফ হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী, আবদুল মোতালেব, আবদুচ সালাম, ফজলে করিম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাঙ্গুনিয়ার রাজানগর এলাকায় পাহাড়ধসে এক শিশুসহ তিনজন নিহত হন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের নেতৃত্বে ওই এলাকায় পাহাড় কাটা চলছিল। পাহাড় কেটে মাটি চট্টগ্রাম শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন আসামিরা সিন্ডিকেট করে। কিন্তু ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে পারত না।
