বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রামের দাবি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম প্রাঙ্গণে মহাসমাবেশে মিলিত হয়।
মহাসমাবেশে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
সমাবেশে বক্তারা পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের সব প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে পাহাড়িদের থেকে পদায়ন করা হচ্ছে। পার্বত্য এলাকায় জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সভাপতির পদসহ সব সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীর পদগুলো শুধু পাহাড়িদের জন্য নির্ধারিত। উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিসহ তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সব সম্প্রদায় থেকে জেলা পরিষদে সদস্য মনোনয়নের দাবি জানান তারা।
