ত্রাণ দিতে গিয়ে আনসার সদস্যের মৃত্যু পরিবারকে সহায়তা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:১০ এএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য ওয়াহিদের রহমান (২৪) সম্প্রতি ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। গতকাল বুধবার আনসার-ভিডিপি সদর দপ্তরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ও সমবেদনা করেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নিহত আনসার সদস্য ওয়াহিদের রহমানের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তার পিতার নাম বেলাল হোসেন। তিনি পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২০ আগস্ট নিজ বাড়ি ফেনীতে ছুটিতে গিয়ে তিনি বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছিলেন। ২৪ আগস্ট এলাকার স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হয়ে নৌকায় করে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি নৌকা থেকে পড়ে যান এবং প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। তার সহযোগীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। এক দিন পর স্থানীয়রা তার লাশ খুঁজে পেয়ে পরিবারকে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত