সাংবাদিক-আইনজীবীসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

  • যুক্তরাষ্ট্রের সাংবাদিক-আইনজীবীসহ ৯২ জনের ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
  • এই নিষেধাজ্ঞা মুক্ত সংবাদপত্রের উপর আক্রমণ, বলছে ওয়াল স্ট্রিট জার্নাল
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১১:২৩ এএম

যুক্তরাষ্ট্রের সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সামরিক শিল্প সংস্থার প্রধানসহ ৯২ জনের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মূলত ওয়াশিংটনের রাশিয়াবিরোধী অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায় পড়া ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ জন কর্মী, নিউইয়র্ক টাইমসের পাঁচজন সিনিয়র সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া এই তালিকায় বেশ কয়েকজন সরকারি আইনজীবী, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন।

বৃহস্পতিবার রাশিয়ার পরারাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি প্রদানের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ‘আগুন নিয়ে খেলছে’।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা বর্তমান মার্কিন সরকারকে শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির অনিবার্যতা সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি। সেটা হতে পারে (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কি ও তার সহযোগীদের আগ্রাসন ও সন্ত্রাসী হামলায় সরাসরি মদদ কিংবা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা।

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ, ১৬ মাস রাশিয়ার কারাবন্দি থাকার পর চলতি মাসে মুক্তি পেয়েছেন। তিনি এই নিষেধাজ্ঞাকে "হাস্যকর" এবং মুক্ত সংবাদপত্রের উপর আক্রমণের অংশ হিসাবে বর্ণনা করেছেন।

নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত