দুদকে সারজিস-হাসনাত

সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা চাঁদাবাজি হচ্ছে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:২৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা এবং চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন এই দুই সমন্বয়ক। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করত চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন তারা।

গতকাল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আসেন সারজিস ও হাসনাত। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে দেখা করেন। বেলা সোয়া ১টার দিকে তারা বেরিয়ে যান। এ সময় গণমাধ্যমকর্মীদের সারজিস  আলম বলেন, ‘একটা গোষ্ঠী মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করছে। এই দুটি সমস্যা খুবই প্রকট। কেউ আমাদের নাম ভাঙিয়ে বা না ভাঙিয়ে মিথ্যা মামলা বা চাঁদাবাজির কোনো কাজ করে; তাদের বিরুদ্ধে কমিশন যেন কঠোরভাবে অবস্থান নেয়। যদি কোনো সমস্যা হয়, তাহলে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা দুদকে স্পষ্ট বার্তা দিতে এসেছি, আমরা কখনো চাঁদাবাজি ও মিথ্যা মামলা সমর্থন করি না। যারা এগুলো করে তাদের যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।’

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়েছি আমাদের নাম ব্যবহার করে চাঁদা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে। এসব বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের নাম ব্যবহার করে অসাধু উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এ বার্তাটি স্পষ্ট করতে এসেছি, আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই। আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ-সুবিধা নেওয়ার ও দেওয়ার এখতিয়ার আমরা রাখি না।’

সিস্টেম সিস্টেমের মতো চলবে উল্লেখ করে  এই সমন্বয়ক বলেন, ‘আমরা দুদকের কাছে এই অনুরোধটি নিয়ে এসেছি, দুদকের যে আইন রয়েছে, তা অনুযায়ী সবকিছু চলবে। আমাদের নাম ব্যবহার করে কেউ যেন কোনো সুযোগ-সুবিধা আদায় করতে না পারে, এই বার্তাটি আমরা স্পষ্ট করতে এসেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত