সোলসের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে দেশ-বিদেশে হচ্ছে টানা কনসার্ট। এরই মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারতসহ কয়েকটি দেশের বিভিন্ন রাজ্যে কনসার্ট করেছে ব্যান্ডটি।
আরও একবার কনসার্টের উদ্দেশে ইংল্যান্ড যাচ্ছেন সোলস সদস্যরা। সেখানে ব্যান্ডের পাঁচ দশক পূর্তির কনসার্ট ছাড়াও তারা অংশ নিতে যাচ্ছে ‘গানে গানে বাংলাদেশ’ শিরোনামে একটি আয়োজনে। আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের রোমফোর্ডে অনুষ্ঠিত হবে এটি।
দেশের বন্যাকবলিতদের জন্য এ আয়োজন করছে টিএনটি কনসালট্যান্সি। এতে সোলস ছাড়াও অংশ নিচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী ও রেনেসাঁ ব্যান্ডের সদস্য নকীব খান। আরও পারফর্ম করবেন ভার্সেটাইল কণ্ঠশিল্পী ও অরবিট ব্যান্ডের তারকা পলাশ, রিয়েলিটি শো সারেগামাপা তারকা অবন্তী সিঁথি। এর বাইরেও অমিত, ইনা খান, ফারজানা বিথিসহ আরও কয়েকজন তরুণ শিল্পী অংশ নেবেন এ আয়োজনে।
আয়োজকরা জানান, বাংলাদেশের এই দুর্যোগময় মুহূর্তে উদ্যোগের মাধ্যমে প্রবাসীরাও নানাভাবে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সে লক্ষ্যেই বন্যাকবলিত দেশবাসীর সহায়তায় এই সংগীতায়োজনের পরিকল্পনা।
সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া বলেন, “যেকোনো উদযাপন তখনই প্রাণবন্ত হয়ে ওঠে, যখন সবকিছু স্বাভাবিক থাকে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। দেশের মানুষ যে দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তাদের পাশে থাকাটাই জরুরি। তাই ব্যান্ডের সুবর্ণজয়ন্তী উদযাপন ধারাবাহিক কার্যক্রম পিছিয়ে বন্যার্তদের জন্য কিছু করতে চাই। সে ভাবনা থেকেই আমরা ত্রাণের জন্য ‘গানে গানে বাংলাদেশ’ অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি।” জানা যায়, সেদিন স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হবে এই সংগীতায়োজন। চলবে রাত ১১টা পর্যন্ত।
