কৃতি শ্যানন এমন একজন অভিনেত্রী, যিনি কখনোই তার ব্যক্তিগত এবং পেশাদার জীবন সম্পর্কে কথা বলতে লজ্জা পান না। বর্তমানে তিনি লন্ডনে আছেন। শোবিজের বিশাল জগতে এক দশক কাটিয়েছেন, তবে তার স্বকীয়তা হারাননি। সিনেমার জাদুতে নিজেকে হারিয়ে ফেলার অপেক্ষায় তিনি এখনো প্রতিটি চরিত্রে শিশুসুলভ আগ্রহ নিয়ে এগিয়ে যান। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার এবং নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
আপনি প্রায় এক দশক ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এখনো কি তা স্বপ্নের মতো মনে হয়?
অবশ্যই, এটি একটি স্বপ্ন এবং অবিশ্বাস্যভাবে পরিপূর্ণ যাত্রার মতো মনে হয়। এমন কিছু মুহূর্ত রয়েছে যখন আমি বিরতি দিই এবং অনুধাবন করি যে আমি জানতাম না কীভাবে অভিনেত্রী হতে চাই। যখন সেই সময়ের কথা মনে পড়ে তখন আমি ধন্য মনে করি। আপনার স্বপ্নকে ক্যারিয়ারে পরিণত করা সত্যিই অবিশ্বাস্য। আমি কৃতজ্ঞ যে আমি আমারটা খুঁজে পেয়েছি। মনে হচ্ছে এখানেই আমার থাকার কথা ছিল। একজন প্রকৌশলী এবং মডেল হিসেবে আমার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বিশ্বাস করি যে আমি এখন আমার সত্যিকারের ঠিকানা খুঁজে পেয়েছি।
হিরোপান্তি থেকে ক্রু, অনেক দূর এগিয়েছেন...
হ্যাঁ, অবশ্যই। আমি কখনো অভিনয় স্কুলে যাইনি বা থিয়েটার করিনি। অভিনয় আমি যা কিছু শিখেছি তা হাতে-কলমে অভিজ্ঞতার মাধ্যমে। সেটে সম্পূর্ণ নবাগত হওয়ায় কোথায় দাঁড়াতে হবে বা কীভাবে ক্যামেরার মুখোমুখি হতে হবে তাও জানতাম না। প্রতিটি চরিত্রের জটিলতা এবং অভিনেতা হিসেবে আমার পক্ষে সবচেয়ে ভালো কী হবে, তা বুঝতে পেরেছি। প্রতিটি সিনেমা আমি যতটা সম্ভব আত্মস্থ করার চেষ্টা করেছি এবং ক্রমাগত বিকশিত হয়েছি। আমি সব সময় কৌতূহলী ছিলাম এবং সেটে সর্বদা জিজ্ঞাসা করি, যার ফলে শুরুতে কেউ কেউ বলেছিলেন যে আমি প্রচুর প্রশ্ন করি। তবে অভিনেতা হিসেবে আমার বেড়ে ওঠা ও বিকাশের জন্য এই কৌতূহল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সর্বশেষ পারফরম্যান্স নিয়ে প্রশংসা শুনে মনে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে উন্নতি করছি।
এক দশকে মাত্র সাত-আটটি ছবি করেছেন, এই অর্থে মনে হচ্ছে ধীরে ধীরে এগিয়েছেন?
অভিনেত্রীদের জন্য ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি, বিশেষ করে যারা বাইরে থেকে আসেন। দর্শকরা চিনতে সময় নেন। দীর্ঘদিন ধরে দর্শকরা আমাকে কৃতি শ্যানন হিসেবে চেনার আগে কখনো কখনো আমাকে ‘ওহ, তিনি টাইগার শ্রুফের ছবিতে ছিলেন’ বলে চিনতেন। এটি আমার নিজের পরিচয় প্রতিষ্ঠার একটি শুরু ছিল।
এখন পর্যন্ত ক্যারিয়ার নিয়ে আপনি কি সন্তুষ্ট?
আমি বর্তমানে সন্তুষ্ট এবং নিরাপদ বোধ করছি। আমি সুখী এবং শান্ত মনে করি। মাঝে মাঝে আমি হতাশ হয়েছি যখন আমার মনে হয়েছে সুযোগগুলো প্রাপ্য ছিল তবুও পাইনি। এই মুহূর্তগুলো সফলতার পথে অংশ। যখন আপনার কঠোর পরিশ্রম স্বীকৃত বা প্রশংসিত হয়, তখন এটি গভীর আনন্দের অনুভূতি নিয়ে আসে। যদিও আমি যেখানে আছি তা নিয়ে আমি খুশি, তবুও নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
আপনার অর্জন করার মতো কোনো লক্ষ্য বাকি আছে?
আমি অসম্ভব উচ্চাভিলাষী। আমার সামনে এখনো অনেক স্বপ্ন আছে। একটি স্বপ্নপূরণ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী লক্ষ্য আমি স্থির করি। আমি সব সময় নতুন কিছু অর্জন করতে, এমন কিছু আবিষ্কার করতে চাই, যা আমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সম্ভবত হলিউডে সিনেমা করাই আমার পরবর্তী লক্ষ্য। তবে এটি অবশ্যই অর্থবহ এবং আমাকে সত্যিকার অর্থে সন্তুষ্ট করতে হবে। আমার অনেক ইচ্ছে আছে; কারণ আমার মনে হয়, এখনো অনেক কিছু অর্জন করা বাকি। আমি মনে করি, আমি আমার সম্ভাবনার মাত্র ৬০ শতাংশ কাজে লাগাতে পেরেছি।
অনলাইন অবলম্বনে এ এস এম বুখারী
