সোনাগাজীতে সড়ক ধসে যোগাযোগ বন্ধ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:৪৪ এএম

অবৈধ বালু উত্তোলন করায় ফেনীর সোনাগাজী উপজেলার সাহেবেরঘাট ব্রিজসংলগ্ন সংযোগ সড়কের মাটি নদীতে ধসে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে গত বৃহস্পতিবার রাত থেকে সোনাগাজী-সোনাপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল থেকেই সংস্কারে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উনয়ন্ন বোর্ড সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিদের দায়িত্বে অবহেলাতেই সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজের উভয় অংশে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করা হয়েছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে হেঁটে ব্রিজ পার হচ্ছে। ট্রাকে করে ধসে যাওয়া সড়কে বালু ফেলা হচ্ছে। একই সঙ্গে আবার ধসে যাওয়া আটকাতে নদীতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। শহিদ উল্যা নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজসংলগ্ন নদী থেকে বালু উত্তোলন করেন সোনাগাজীর আবদুর রাজ্জাক সেন্টু নামে যুবলীগের নেতা। সংশ্লিষ্ট সব জায়গায় জানালেও তারা ব্যবস্থা নেয়নি। ভারী বৃষ্টিপাত ও উজানের পানির তীব্র বেগে ছোট ফেনী নদীতে প্রবেশ করায় সংযোগ সড়কের পাশে মাটি সরে গিয়ে নদীতে পড়ে।

নোয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৌম্য বৈদ্য বলেন, ধসে যাওয়া সড়কে মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নদীতে জোয়ার-ভাটার কারণে ভাঙন ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সড়ক সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করতে অনেক সময় লাগবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহারিয়ার বলেন, আমরা ছোট ফেনী নদী থেকে কাউকে বালু উত্তোলনের অনুমতি দিইনি। বালু উত্তোলনের কারণে ধস হয়। তবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত