মাউরি রাজার জীবনাবসান

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:৫৭ এএম

নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি সম্প্রদায়ের রাজা সপ্তম তুহেইশিয়া পুতাতাউ তে ওয়েরোহেরো মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ক্যানসারের মতো মরণব্যাধির সঙ্গে যুদ্ধ করছিলেন মাউরি রাজা। রাজ্যাভিষেকের ১৮তম বার্ষিকী উদযাপনের কিছুদিন পরেই তার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়। এরপর থেকেই হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন রাজা তুহেইশিয়া।

এক বিবৃতিতে রাজার মুখপাত্র রাহুই পাপা বলেন, ‘কিংগি তুহেইশিয়ার মৃত্যু কিংগিতানা, মাওরিডোম ও সমগ্র জাতির জন্যই একটি বেদনাদায়ক। পরবর্তী পাঁচ দিন রাজার মরদেহ রাখা হয়েছে কিংগিতানার মাউরিদের সম্প্রদায়ের হেডকোয়ার্টারে। সেখানে সবার শ্রদ্ধা জ্ঞাপনের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে মাউন্ট তাউপিরির পবিত্র সমাধিস্থলে।’ ২০০৬ সালে তুহেইশিয়া তার মা রানি দামে তে আতাইরাংগিকাহুর উত্তরসূরি হিসেবে মনোনীত হন। রাজা স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যার জনক ছিলেন।

উপনিবেশবাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আদিবাসী গোষ্ঠীগুলোকে একক নেতার অধীনে ঐক্যবদ্ধ করতে ১৮৫৮ সালে ‘কিং মুভমেন্ট’ বা ‘কিংগিতানা’ শুরু হয়। একাধিক গোষ্ঠীর প্রধান হিসেবে সম্মানিত মাউরি রাজার কোনো আইনি বা বিচারিক ক্ষমতা নেই। পদটি মূলত আলংকারিক। তবে উত্তরাধিকারসূত্রে মাউরি রাজমুকুট হস্তান্তরের কোনো বাধ্যতামূলক প্রথা নেই। রেডিও নিউজিল্যান্ডের প্রতিবেদনে বলা হয়, রাজার শেষকৃত্য অনুষ্ঠানের দিন গোষ্ঠীপ্রধানরা নতুন রাজা নির্বাচন করবেন।

এদিকে মাউরি রাজার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কিংগি তুহেইশিয়ার মৃত্যুতে পুরো জাতি আজ শোকাহত।’ বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনও। এ সময় তিনি প্রয়াত রাজা তুহেইশিয়াকে শুধু মাউরি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নয়, পুরো দেশে ন্যায় ও সমৃদ্ধির প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। শোক জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত