বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৩০

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জেলা বিএনপি নেতাকর্মীদের ভার্চুয়াল মতবিনিময় সভায় যোগ দিতে এসে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল শনিবার বিকেলে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় সৈয়দ আলী ম-ল পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের অনুসারী ও শামীম আহাম্মেদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শামীম আহাম্মেদ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপিদলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই উপলক্ষে বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে জেলা বিএনপি। এ সভায় জেলা বিএনপির পাঁচজন, প্রত্যেক উপজেলা বিএনপির দুজন, পৌর বিএনপির দুজন ও সব অঙ্গ সংগঠনের জেলা কমিটির পাঁচজন করে উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণ করা হয়। সেই সভায় জেলা বিএনপির সদস্য শামীম আহাম্মেদ একটি মিছিল নিয়ে উপস্থিত হন। বিএনপি নেতা শামীম আহাম্মেদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিসহ নেতাকর্মীরা ওই সভার ভেতরে যাওয়ার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের অনুসারীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শামীমের অনুসারীরা বিএনপি নেতা মামুনের গাড়ি, ওই কমিউনিটি সেন্টারে হামলা ও ভাঙচুর করেন। পরে বিএনপি নেতা মামুনের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে শামীম আহাম্মেদের অনুসারীদের ধাওয়া করে ফৌজদারি মোড়ে নিয়ে যান। সেখানে বিএনপি নেতা শামীম আহাম্মেদের অনুসারীদের কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘আজকের এই সভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে নিয়ম অনুযায়ী কাজ করছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন কেন্দ্রীয় নেত্রীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আসে। তারা ওই নিয়ম ভেঙে ভেতরে আসার চেষ্টা করে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে, এখানে নিয়মের বাইরে ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হয় তারা পরিকল্পিতভাবে এখানে আসছে এবং ভাঙচুর করেছে।’ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে একটি বৈঠক করবেন। সেই বৈঠক উপলক্ষে আমরা আসছি। কিন্তু এখানে জেলা বিএনপি যেভাবে নিয়ম করছে, সেই নিয়মটা যদি সুষ্ঠুভাবে করত। আমাদের ছেলেরা যারা নিয়মের মধ্যে পড়ত, তারা যেতে পাড়ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত