বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে কারা সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিন গতকাল শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
‘স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়’ এ কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ‘নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র, তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশলও চোরাগোপ্তা।’
মতবিনিময়কালে ‘অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র’ মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না।
