আজ রোববার থেকে শুরু হয়েছে আগামী বছরের (২০২৫ সালের) হজের প্রাথমিক নিবন্ধন। এই নিবন্ধন চলবে আগামী তিনমাস অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত।
এর আগে, গত সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না।
আগে কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ১৬১৩৬ নম্বরে ফোন করেও জানা যাবে হজ-সংক্রান্ত তথ্য।
এছাড়া ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd ), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস থেকে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।
ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি বিভাগসহ বন্ধ সব সেবা
ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল 