জাবির জীববিজ্ঞান অনুষদের ডিনের পদত্যাগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নূহু আলম পদত্যাগ করেছেন। রবিবার (১ সেপ্টেম্বর)  বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) এবিএম আজিজুর রহমান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গত ১৬ মে জীববিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরপর আজ ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করবেন উপাচার্য। এখন উপাচার্য পদে কেউ না থাকায় উপাচার্য দপ্তরে আমরা ফাইলটি পাঠিয়ে রাখব। নতুন যিনি উপাচার্যের দায়িত্বে আসবেন তিনি সেটি গ্রহণ করবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শারমিন সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ওই হলের ছাত্রীরা। গতকাল শনিবার রাতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আজ রবিবারের মধ্যে তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছেন ছাত্রীরা। এ বিষয়ে একটি লিখিত বিবৃতিও দিয়েছেন হলের ছাত্রীরা।

বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, গত ১৫, ১৬ ও ১৭ জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের সময়ে ছাত্রদের ওপর যে অতর্কিত হামলা হয় সেখানে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শারমিন সুলতানা প্রাধ্যক্ষ হয়েও হলের সাধারণ ছাত্রীদের সঙ্গে বিচ্ছিন্নতা এবং সংকটময় সময়ে দায়িত্বহীন আচরণ এবং চরম অনীহা প্রকাশ করেছেন। তাই ১৫ জুলাই থেকে বেগম খালেদা জিয়া হল প্রাধ্যক্ষবিহীন বলে ছাত্রীরা ধরে নিয়েছে। তিনি হল কর্মচারীদের সাথে (হল সুপারদ্বয়) সমন্বয়সাধন করতে ব্যর্থ হন। হলের ডাইনিং, ক্যান্টিন ও ওয়াইফাই লাইনের অব্যবস্থাপনায় তিনি নিরব সমর্থক ছিলেন বিধায় সেগুলোর সমাধান করেননি, স্বাস্থ্যকর খাবারের পরিবেশ নিশ্চিত করতে পারেননি যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তিনি ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রীদের ওপর অতর্কিত হামলার সাথে জড়িত যার ফলে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং বেগম খালেদা জিয়া হলের সাধারণ শিক্ষার্থীরা তাকে ধিক্কার জানাই ও তাকে অবাঞ্চিত ঘোষণা করছি এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিচ্ছি। তিনি যদি ১ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত