ডিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। 

স্টক এক্সচেঞ্জের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) না থাকায় এসইসি থেকে ডিএসইর শূন্য পদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি কমিশন সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। 

ডিএসইতে যারা স্বতন্ত্র পরিচালক হয়েছেন তারমধ্যে রয়েছেন মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান, যিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আর্মি ইনস্টিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর জেনারেল প্রফেসর মেজর জেনারেল (অব.) ডক্টর মো. কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেন, বাংলাদেশ আর্মির ৪৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদ, সেন্টার অন ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (সিরডাপ) রিসার্চ ডিরেক্টর ড. মো. হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম এবং বাংলাদেশ ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) বাংলাদেশ ব্যাংক (লিয়েন) মো. ইসহাক মিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে, স্টক এক্সচেঞ্জের এনআরসি কর্তৃক প্রস্তাব দাখিলের প্রেক্ষিতে কমিশন স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকের নিয়োগে অনুমোদন প্রদান করে থাকে। ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে উক্ত এক্সচেঞ্জের এনআরসি নেই। এই কমিটি না থাকায় স্বতন্ত্র পরিচালক নির্বাচন বিষয়ে ডিএসই হতে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগ নেই।

এছাড়া প্রয়োজনীয় সংখ্যক পরিচালক না থাকায় এনআরসি গঠনেরও সুযোগ নেই। সে প্রেক্ষিতে বর্তমানে স্বতন্ত্র পরিচালক না থাকায় ডিএসইর পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী পূর্ণাঙ্গ ও কার্যকর নয়। পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা অতীব আবশ্যক ও জরুরি। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী কমিশন ডিএসইতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত