সমাধিস্থলে ট্রাম্পের প্রচারণা, কড়া সমালোচনা কমলার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ এএম

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে দুই মাসের কিছু বেশি সময়। তার আগেই নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রাজ্য চষে বেড়াচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। তবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার বিধিনিষেধ অমান্য করে প্রচারণার কাজ করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তিন বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় নিহত ১৩ সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে গত সোমবার অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে গিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সেনাবাহিনী জানায়, সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ নিষিদ্ধ। কিন্তু তা উপেক্ষা করে ভিডিও করছিলেন ট্রাম্পের প্রচার শিবিরের লোকেরা। সমাধিস্থলের এক কর্মচারী তাদের সতর্ক করলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ট্রাম্প শিবিরের এক কর্মী। যা নিয়ে বিতর্কের সূত্রপাত। এ ঘটনায় ট্রাম্পের সমালোচনা করে কমলা হ্যারিস বলেন, ‘সেনাসদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা না। তিনি রাজনীতি করতে গিয়ে পবিত্র জায়গার অসম্মান করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত