নরসিংদীতে ১৬ মামলার আসামি লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় এ হত্যাকান্ড ঘটে।
নিহত লিজন মোল্লা নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। তিনি নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে।
নিহতের স্বজনরা জানান, শনিবার রাত ১১টায় লিজন তার বন্ধু বিল্লালকে নিয়ে শহরের বাসাইল এলাকার আরেক বন্ধু শামীমের বাড়িতে যান। সেখানে কিছুক্ষণ বসার পর বিল্লালকে বাইরে সিগারেট আনতে পাঠানো হয়। বিল্লাল ফেরার সময় লিজনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন বলেন, ‘আমরা শামীমদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার স্ত্রী ও বাচ্চাকে বাইরে বের করে দেয়। সেখানে কিছুক্ষণ বসার পর আমি সিগারেট আনতে বাইরে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে এসে লিজনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।’
নিহতের মা মাজেদা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পনা করে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, লিজন মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। দ্রুত আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
