গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী-দমদমা সড়কের মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি নারিকেল গাছ রেখেইে সংস্কারকাজ শেষ হয়েছে। ফলে এ সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজাবাড়ী-দমদমা সড়কের চিনাশুখানিয়া গ্রামের মোড়লবাড়ি থেকে মানিক মিয়া ব্রিজ এলাকা পর্যন্ত চার কিলোমিটার অংশের সংস্কারকাজ শেষ হয়।
এলাকাবাসী জানায়, ওই সংস্কারকাজ করে মেসার্স সালাম অ্যান্ড দুর্গা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মোড়লবাড়ি এলাকায় সড়কের মধ্যে বিদ্যুতের একটি খুঁটি ও একটি নারিকেল গাছ রেখেই সংস্কারকাজ শেষ হয়েছে। এলাকাবাসী বলেন, রাতে এ সড়কে চলাচল করতে ভয় লাগে। কখন যে দুর্ঘটনা ঘটে। সড়কের যে স্থানে গাছ ও খুঁটি সেখানে সড়কে একটু বাঁক আছে। তাই ওই স্থানটি অধিক ঝুঁিকপূর্ণ হয়ে পড়েছে। তারা আরও জানান, এ সড়কে মোটরসাইকেল, ছোট পিকআপ ও অটোরিকশা নিয়মিত চলাচল করে। দুর্ঘটনার শঙ্কা নিয়েই এসব যানবাহন চলাচল করছে। রাতে দুর্ঘটনার শঙ্কা বাড়ে বহুগুণ। দ্রুত এ সমস্যার সমাধান করা দরকার।
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, ‘বেশ কয়েকবার পল্লী বিদ্যুতের ডিজিএমের (রাজেন্দ্রপুর) সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, আবেদন না করলে এমন কাজ সম্পন্ন করা যায় না। তাই এলজিইডিকে পল্লী বিদ্যুৎ অফিসে এ খুঁটি সরানোর জন্য একটি আবেদন করতে হবে। এরপর সরানোর প্রক্রিয়া চালু হবে।’
আবদুস সালাম অ্যান্ড দুর্গা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবদুস সালাম বলেন, ‘এ খুঁটি সরানোর জন্য কোনো বাজেট আমাদের কাজে ধরা ছিল না। তাই খুঁটি সরানো হয়নি। আর নারিকেল গাছটি বিদ্যুতের খুঁটি লাগোয়া। তাই ঝুঁকিপূর্ণ মনে করে গাছটিও সরানো যায়নি।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ প্রত্তনদান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। পরে জানতে পেরে এ বিষয়ে ব্যবস্থা নিতে কাজ শুরু করেছি। আশা করি পল্লী বিদ্যুৎ আমাদের দ্রুত সহযোগিতা করবে। এতে এ সমস্যার সমাধান হবে। সড়কটি নিরাপদ হবে সবার জন্যই।’
