‘আমি হ্যারি পটার নই’, ব্যর্থতার প্রশ্নে বিরক্ত টেন হাগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপের শিরোপা জিতে গত মৌসুমটা শেষ করেছিলেন এরিক টেন হাগ। তাতে নিজের চাকরির মেয়াদটাও বাড়িয়ে নেন তিনি। তবে এবারের মৌসুমের শুরুটা হয়েছিল কমিউনিটি শিল্ড হার দিয়ে। প্রিমিয়ার লিগেও টানা হারের বৃত্তে বন্দী ম্যানইউ। প্রথম তিন ম্যাচের দুটিতেই হার। কাল আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের কাছে বিধ্বস্ত ৩–০ ব্যবধানে।

ম্যানইউয়ের এমন হারের পর কোচ এরিক টেন হাগ বলেছেন, তিনি হ্যারি পটার নন যে জাদুবলে দল দ্রুত বদলে দেবেন। তবে মৌসুমের শেষ দিকে ইউনাইটেড ট্রফি হাতে তোলার বড় সুযোগ তৈরি করতে পারবে বলে বিশ্বাস তার। প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ড শেষে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে।

লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর ইউনাইটেডের নেতিবাচক ফল নিয়ে জিজ্ঞেস করা হলে কিছুটা বিরক্ত হয়েই উত্তর দেন টেন হাগ। কেউ যেন তার কাছ থেকে জাদুকরী ফল আশা না করেন, সে কথা বলতে গিয়ে জনপ্রিয় কাল্পনিক চরিত্র হ্যারি পটারের তুলনা টানেন এই ডাচ কোচ, ‘আমি তো হ্যারি পটার নই। আপনাদের এটা বুঝতে হবে। তিনজনই তো মৌসুমে আজই (গতকাল) প্রথম একাদশে খেলেছে।’

টেন হাগের মতে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খেলোয়াড়দের সময় দিতে হবে, ‘উগার্তে তো এখনো একটা মিনিটও খেলেনি। তাকে ফিটনেসে উন্নতি করতে হবে। তারপর দলের সঙ্গে যুক্ত হবে। আমি নিশ্চিত সে ভালো অবদান রাখতে পারবে। সেটার জন্য কয়েক সপ্তাহ এমনকি এক মাসও লেগে যেতে পারে। আরও কয়েকজন ফুটবলারের ক্ষেত্রেও একই কথা।’

এ বছর ইতালিয়ান ক্লাব বোলোনিয়া থেকে ডাচ স্ট্রাইকার জশুয়া জির্কজিকে নিয়ে এসেছেন টেন হাগ। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড লিভারপুলের বিপক্ষে বেশ কিছু লক্ষ্যহীন পাস দিয়েছেন, ম্যাচের অন্যতম বড় সুযোগ নষ্ট করেছেন বাইরে বল মেরে। এ ছাড়া রক্ষণে নড়বড়ে দেখা গেছে বায়ার্ন মিউনিখ থেকে আনা ম্যাথিস ডি লিখটকে। ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনুও মাঝমাঠে বল ফসকেছেন একাধিকবার।

ইউনাইটেড একই ধরনের ভুল দুই বছর ধরে করে যাচ্ছে, এক সাংবাদিক এমন প্রসঙ্গ তুললে তার সঙ্গে তর্কে জড়ান টেন হাগ। প্রথমেই বলেন, ‘কোন ভুলগুলোর কথা বলছেন আমাকে ব্যাখ্যা করেন। আপনি কি নিশ্চিত? আমার তো মনে হয় না। একই ভুল দুই বছর ধরে চললে তো আমরা ট্রফি জিততাম না। আমি দুঃখিত। আমার তো মনে হয় গত দুই বছরে ম্যানচেস্টার সিটির পর আমরাই সবচেয়ে বেশি ট্রফি জিতেছি। আমি এই মুহূর্তে সেসব বলতে চাই না। ফল আমাদের সমর্থকদের জন্য বেদনাদায়ক। আমাদের এখন বিনয়ী থাকতে হবে।’

টেন হাগের অধীনে ইউনাইটেড সর্বশেষ দুই মৌসুমে একটি লিগ কাপ এবং একটি এফএ কাপ জিতেছে। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় মৌসুম কাটানো এই কোচের মতে এবারও মৌসুমের শেষ দিকে ট্রফি জয়ের সুযোগ তৈরি করবে তার দল, ‘মৌসুমের মাত্র তৃতীয় ম্যাচ গেল। একটা ব্যাপার আমি অনেকবারই বলেছি যে আমাদের নতুন দল তৈরি করতে হবে। আমাদের উন্নতি করতে হবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে মৌসুমের শেষ দিকে আরেকটি ট্রফি হাতে তোলার বড় সুযোগ পাব আমরা।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত