দ্বিতীয় ইনিংসে মুশফিককে পাওয়া নিয়ে সংশয়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

মুশফিকুর রহিমের চোট কি তবে গুরুতর! প্রথম ইনিংসে দ্যুতি ছড়াতে না পারলেও ব্যাট হাতে নেমেছিলেন। গতকাল বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে করতে দেখা যায়নি। আজও সকাল থেকে তার বদলী হিসেবে ফিল্ডিং করেছেন নাঈম হাসান। তবে কি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও করতে পারবেন না তিনি?

ঘটনাটা পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৩তম ওভারের। হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু নাগাল পাননি, উল্টো তিনি আঘাত পেয়েছিলেন নিজের ডান কাঁধে। বল চলে যায় সীমানায়। তখনও কাঁধে হাত দিয়ে মাটিতে লুটিয়ে মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও। প্রাথমিক শুশ্রূষার পরও তেমন ফায়দা হয়নি। বাম হাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে মাঠ ছেড়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান।

সেই চোট নিয়েই প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন মুশফিক। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। ৯ বল খেলে করেছেন মাত্র ৩ রান। হামজার করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক। অসাধারণ সেই ডেলিভারিটা যদিও খেলা কঠিনই ছিল। তার সেই ব্যর্থতার দিনে বাংলাদেশও চাপে পড়েছিল, ২৬ রানে তারা হারিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দল।

তবে বিকেলে বাংলাদেশ যখন অলআউট হয়, তখন আর মুশফিককে ফিল্ডিং করতে দেখা যায়নি। আজ সকালেও তাকে দেখা যায়নি। এমনকি মধ্যাহ্ন বিরতির পরেও মাঠে নামেননি তিনি। যা সচরাচর দেখা যায় না। তাই শঙ্কা জাগছে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারবেন কিনা।

এই বিষয়ে জানতে চাইলে বিসিবির এক চিতিৎসক দেশ রূপান্তরকে বলেছেন, ‘এখনও আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। তবে যতটুকু জানি তিনি খেলার জন্য ফিট আছেন।’

এদিকে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করেছে বাংলাদেশ। হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট, ৪ উইকেট গেছে নাহিদ রানা ঝুলিতে। ১ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ১২ রান লিড থাকায় সাদমান ইসলাম ও জাকির হাসানরা এখন ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত