জার্মানির প্রাদেশিক নির্বাচনে চমক দেখিয়েছে রক্ষণশীল কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। রবিবার থুরিঙ্গিয়া ও স্যাক্সনি রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে বড় সাফল্য পেয়েছে এএফডি। ১৯৯০ সালের দুই জার্মানির একত্রীকরণের পর এই প্রথম পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় কট্টরবাদী দলটি নিজেদের শক্তিমত্তার পরিচয় দিল। এএফডির এই সাফল্যকে তাই ‘ঐতিহাসিক’ হিসেবে দেখা হচ্ছে।
চরম ডানপন্থি ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত এফডি। থুরিঙ্গিয়া রাজ্যে তাদের সাফল্য দেশটির ফেডারেল নির্বাচনেও বড় প্রভাব রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনে ৩২ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে সবার ওপর এএফডি। ২৩ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে তাদের পর আছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি।
অন্যদিকে স্যাক্সনি রাজ্যের প্রাদেশিক নির্বাচনে ৩১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে সবার ওপরে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। এ রাজ্যের বড় চমক দেখিয়েছে এএফডি। ৩০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি। তবে এ দুই রাজ্যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে।
